সিলেট সাধারণত রাজনৈতিক নেতাদের আগমনে এক বিশেষ ঐতিহ্যের সাক্ষী হয়। জাতীয় পর্যায়ের যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সিলেটে পৌঁছেই আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ্ পরান (রহ.)—এই দুই মহান ওলির মাজার জিয়ারতের মাধ্যমে। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতিই সিলেটের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
শনিবার সিলেটে দেখা গেছে ভিন্ন এক চিত্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিলেট সফরে এসে কোনো মাজার জিয়ারত না করেই সরাসরি নির্ধারিত সভাস্থলে পৌঁছান। সেখানে তিনি দলের কর্মসূচিতে অংশ নেন এবং সভা শেষে একই দিন ঢাকায় ফিরে যান।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, সিলেটের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করা এখানকার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই সফরসূচি ব্যতিক্রম হিসেবেই দেখছেন তারা।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেটের মতো ধর্মীয় আবহসম্পন্ন অঞ্চলে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








