এএসআই বেলাল
গত এক বছরে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া মোট ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এএসআই বেলাল।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় চুরি হওয়া, ছিনতাই হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আইনগত প্রক্রিয়া ও যথাযথ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন এএসআই বেলাল। উদ্ধারকৃত মোবাইলগুলো আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়।
মোবাইল ফিরে পেয়ে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “মোবাইল হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। এএসআই বেলালের আন্তরিকতায় আমরা আবার আমাদের মোবাইল ফিরে পেয়েছি।”
এ বিষয়ে এএসআই বেলাল বলেন, জনগণের আস্থা অর্জন করাই পুলিশের প্রধান লক্ষ্য। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারাটাই আমাদের সাফল্য।
সচেতন মহলের মতে, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করবে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এস/আর
সৈয়দ রাসেল আহমদ 








