গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ | ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে রাজনৈতিক তৎপরতাও বাড়ছে। এ প্রেক্ষাপটে আসনটির সার্বিক উন্নয়নে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে আদিল আহমদ বলেন, সিলেট-৪ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জনপদ হিসেবে পরিচিত। শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে এখনো দৃশ্যমান ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে অভিজ্ঞ, দূরদর্শী ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। তার মতে, এসব গুণাবলির সমন্বয় আরিফুল হক চৌধুরীর মধ্যেই রয়েছে।
তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং উন্নয়ন ভাবনা—এই তিনটি দিক বিবেচনায় আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনের জন্য উপযুক্ত নেতৃত্ব হতে পারেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে হবে।
ভার্চুয়াল বৈঠকে স্থানীয় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজকের সিলেট/এটিআর
আজকের সিলেট ডেস্ক 








