সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
রোববার জৈন্তাপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে এ জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটে।
জনসভায় বক্তারা বলেন, সিলেট-৪ আসনের টেকসই উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই মাটির সন্তান আলহাজ্ব জয়নাল আবেদীনের কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।
বক্তারা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার দীর্ঘদিনের অবহেলা, অবকাঠামোগত সংকট ও মৌলিক সেবার ঘাটতির কথা তুলে ধরেন। জনসভায় উপস্থিত জনতা হাত তুলে আলহাজ্ব জয়নাল আবেদীনকে বিজয়ী করার শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন,আমি এই মাটির সন্তান। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ,আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই জনপদকে একটি আদর্শ ও উন্নত এলাকায় রূপান্তর করব।তিনি আরও বলেন,১২ ফেব্রুয়ারির বিজয় জয়নালের একার নয় এটি জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসীর বিজয়।
স্থানীয় প্রতিনিধিত্বের অভাব প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা প্রকৃত স্থানীয় প্রতিনিধি পাইনি। এবার সেই সুযোগ এসেছে। খনিজ সম্পদে ভরপুর এলাকা হয়েও আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। চিকিৎসা সংকট, পরিবহন সুবিধা হারানো ও দুর্নীতির বিরুদ্ধে এবার জনগণ রায় দেবে।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমরা আর দুর্নীতিবাজদের ভোট দেব না। ১২ তারিখে সিলেট-৪ আসন থেকে তাদের চিরতরে উৎখাত করা হবে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী মেম্বার, দরবস্ত ইউপির প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন, নূর মিয়া, মোস্তফা কামাল চৌধুরী, এনসিপি নেতা নজরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজমল হক, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদারসহ আরও অনেকে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








