আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আর নজরদারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্র খোলার আগ থেকে কেন্দ্রের বাইরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সিলেট নগরীর অধিকাংশ ভোটকেন্দ্রে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের।
সেই সাথে অ্রপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রর আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ফজরের নামাজের পর থেকেই ভোটারেরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তবে সাড়ে চারটার সময় লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট নেওয়া হবে।
সিলেট জেলার ৬টি আসনে এবার ৩৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীকে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। নির্বাচনি আসনের হিসাব অনুযায়ী সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন, সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন, সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন, সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩, সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন এবং সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবের ভোটে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা। আমাদের এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। অতীতের কোনো নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচনে মোতায়েন করা হয়নি। এবার সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে।
সিলেট নগরীর আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ব্যবসায়ী মাহবুব সারওয়ার জানান, ফজরের নামাজের পর কেন্দ্রের সামনে চলে আসি ভোট দেয়ার জন্য। অনেকদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে। নিরাপত্তার দিকটা এবার অনেকটা কঠোর।
একই কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিনী জহুরা হোসেন জানান, ভোট দেয়ার জন্য সকালে কেন্দ্রে আসর পরেও দেখেছি অনেক মহিলা ভোটার বাহিরে অপেক্ষা করছেন। যাকে দিয়ে সিলেটে ভালো হবে তাকেই এবার ভোট দিয়েছি।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








