কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। নগরীর অধিকাংশ কেন্দ্রে ভোটের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।
রোববার দুপুরের পর থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিন দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশী নারী ভোটাররাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সিলেটের ৬টি আসনে ১০১৩টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, জেলার ছয়টি আসনে ১২ হাজার ২৮৬ জন আনসার-ভিডিপি ফোর্স দায়িত্ব পালন করছেন। প্রতি কেন্দ্রে একজন করে পিসি ও এপিসি ২০২৬ জন, প্রতি কেন্দ্রে ৬ জন করে ৬ হাজার ৭৮ পুরুষ আনসার, কেন্দ্রপ্রতি চারজন করে ৪ হাজার ৫২ জন নারী ভিডিপি, প্রতি ১০ কেন্দ্রে দশ সদস্য করে ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্সে সদস্য রয়েছেন ১৩০ সদস্য।
সিলেট জেলার ৬টি আসনে ভোটের লড়াইয়ে ৩৫ জন প্রার্থী অংশ নিলেপ ইতিমধ্যে ২ জন নির্বাচন বর্জনের ঘোষনা দেয়ায় মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ৩৩ জন।
জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয় আসনের এক হাজার ১৩ কেন্দ্রের ৬৪৯টিকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এসব কেন্দ্র বিবেচনায় নিয়ে নিরাপত্তা ছক করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের সার্বিক নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সব ইউনিটের ১৭ সহস্রাধিক জনবল।
উল্লেখ্য, নির্বাচনে সিলেট জেলার মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ৩৫ জন প্রার্থীর মধ্য থেকে ৬ জনকে সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫, মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








