দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছোট ছেলে আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুনেল আহমদ তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে লাবিবকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি বিদ্যুতের খুঁটি বহনকারী লং ভেহিকেলকে ওভারটেক করার সময় সড়কের একটি গর্তে মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পাশ দিয়ে যাওয়া গাড়ির চাকার নিচে পিষ্ট হন।
এ সময় তার ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায় ও কিছুটা আহত হয়। বাবার এমন মর্মান্তিক দৃশ্য দেখে সে বাকরুদ্ধ হয়ে পড়ে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় নিহতের মাথায় হেলমেট ছিল না। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বিদ্যুতের খুঁটি বহনকারী লং ভেহিকেলটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে বারবার বলা হলেও অনেকেই তা মানছেন না। তিনি আক্ষেপ করে বলেন, হেলমেট ব্যবহার করা হলে হয়তো এমন মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব হতো।
এদিকে আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








