আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রায় দুই বছর আগে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামা এই পেসার বিসিবিকে জানিয়েছেন, তিনি জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান, যাতে মাঠ থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় বলতে পারেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দল থেকে নিজের নেওয়া বিরতির ইতি টানতে চান জাহানারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুও তাঁর ফেরার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, “হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।”
বাবুর ভাষ্য অনুযায়ী, জাতীয় দলে খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন জাহানারা। তিনি বলেন, “সে বলেছে, ‘আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি।’”
জাহানারা দলীয় কোন্দলে বিশ্বাসী নন বলেও উল্লেখ করেন বিসিবির এই পরিচালক। তাঁর ভাষায়, অনেকের মধ্যে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে তা গ্রহণযোগ্য নয়।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুর দিকে মানসিকভাবে প্রস্তুত না থাকার কথা জানিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে বাংলাদেশ নারী ক্রিকেটের কোনো পর্যায়ের সঙ্গেই যুক্ত ছিলেন না। জাতীয় দলের কাঠামোর বাইরে থাকার পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাতেও অংশ নেননি তিনি।
৩৩ বছর বয়সী এই পেসার গত বছর সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনায় আসেন। ২০২৫ সালের নভেম্বরে তাঁর তোলা অভিযোগগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে আজীবন বা স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে জাতীয় দলে ফেরার জাহানারার আবেদনের বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিসিবি।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








