শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

কানাইঘাট সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৯:৩৫:৫৩ পূর্বাহ্ন

কানাইঘাট সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি যুবক নিহত


সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, তাঁর মরদেহ সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারতের অংশে পড়ে রয়েছে।

খালেদ আহমদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কয়েকজনের সঙ্গে দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন খালেদ। এ সময় সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। পরে তাঁর মরদেহ শূন্যরেখার কাছাকাছি পড়ে থাকতে দেখা যায়।

লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার কয়েকজন যুবকের সঙ্গে ভারতে প্রবেশ করেন খালেদ। অন্যরা ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে খাসিয়াদের গুলিতে তাঁর মৃত্যুর খবর পান বলে জানান নাজিম উদ্দিন। মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনাটি থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছে বিজিবি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে খালেদ আহমদের মৃত্যুর প্রকৃত কারণ, গুলি কোথা থেকে ছোড়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর