বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের দায়িত্বও বেড়ে যায়। দৈনন্দিন জীবনের খরচ মেটাতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। আবার অনেক সময় অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ হয়ে যায়। খুব প্রয়োজনের সময় দেখা যায়, হাতে কোনো টাকা নেই। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই অল্প অল্প করে টাকা জমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন, জেনে নিই অপচয় কমানোর কয়েকটি উপায়।
খরচ নির্ধারণ করুন
দিনের খরচের হিসাব আপনি মোবাইল ফোনেই রাখতে পারেন। শুধু খরচের হিসাব রাখার একটি অ্যাপ ডাউনলোড করে নিলেই হবে। আপনি যদি তা না পারেন, তাহলে লিখে রাখার অভ্যাস করুন। আপনি যত বেশি লিখে রাখবেন, আপনার খরচের তালিকা থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো তত বেশি বাদ পড়বে।
মাসিক হিসাব রাখুন
আমরা খুব কমজনই মাস শেষে খরচের হিসাব নিয়ে বসি। এক ঘণ্টা সময় বের করে বসুন। কোথায় কত খরচ হলো, কীভাবে হলো-খেয়াল করুন। কিসে বেশি খরচ হলো কিংবা আগামী মাসে কোন খরচটা কম লাগবে, এসব নোট করে রাখুন।
পরিবর্তন অসম্ভব নয়
আপনি হঠাৎ ৫০০ টাকা খুঁজে পেলেন, যা আপনি ভুলে গিয়েছিলেন। খুশিমনে সেটি খরচ করে ফেলবেন না। এটি এখনও আপনার টাকা, উপহার নয়। তাই জমা রেখে দিন।
হাত খুলে খরচ বন্ধ করুন
আপনি যখন পার্টিতে যাবেন, তখন একটি নির্দিষ্ট বাজেট রাখুন। বাজেটের বেশি যেন খরচ না হয়, তা খেয়াল রাখুন। বেশি খরচ হলে পরের পার্টির বাজেট কমিয়ে দিন। আনন্দ উদযাপন করবেন মানে এই নয় যে, আপনার বাজেটের দিকে কোনো খেয়াল থাকবে না।
বড় কেনাকাটায় সময় নিন
আপনার নতুন আসবাবপত্র দরকার। কিন্তু তার মানে এই নয় যে, যেদিন আপনার নতুন আসবাবের কথা মনে হলো, সেদিনই সেটা কিনে ফেলবেন। দু-একটি দোকান ঘুরে দেখুন, অনলাইনে খুঁজুন, বন্ধু ও পরিবারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিন। এতে সময় একটু বেশি লাগবে, কিন্তু নিশ্চিতভাবে আপনার খরচ বাঁচাবে।
ফিক্সড ডিপোজিট করুন
কি পরিমাণ অর্থ আপনি রাখছেন, সেটা বড় বিষয় নয়; গুরুত্বপূর্ণ হলো আপনি নিয়মিত সঞ্চয় করছেন। আপনার প্রয়োজনের সময় এটি অনেক কাজে দেবে।
ধার দেওয়ার আগে ভাবুন
সব বন্ধুকে ধার দিতে যাবেন না। অনেকেই এমনটি করেন এবং এর শেষটা ভালো হয় না। আপনার বন্ধুর জরুরি প্রয়োজনে আপনি সাহায্য করবেন, কিন্তু কিছু ক্ষেত্রে বিচক্ষণ হোন। আগে নিজেকে আর্থিকভাবে স্থিতিশীল করুন, তারপর অন্যকে সাহায্য করুন।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








