প্রবাদে আছে Love is blind বা প্রেম অন্ধ। তবে অন্ধ প্রেমে ডুবে যাওয়ার আগেই ভাননা টা জরুরি। হয়তো তাকে আপনার ভালো লাগে এই ভালো লাগা থেকেই ভালোবাসার যাত্রা শুরু।প্রেমে পড়লে যেন সব নিয়মকানুন একটু এলোমেলো হয়ে যায়। তাই আপনার বেশ নাছোড়বান্দা মনটা যখন কাউকে ভেবে ভেবে রাতের ঘুম কেড়ে নেয়, কিংবা শততম বারের মতো একই অনুভূতি ফিরে আসে, তখন বুঝতেই হবে—ভেতরে কিছু একটা বদলে গেছে। কাউকে ভালো লেগে যাওয়ার মতো অদ্ভুত অনুভূতি সত্যিই আর নেই।
মনে যখন প্রথমবার কারও জন্য ভালোলাগার বুদবুদ ওঠে, তখন একটু থামা দরকার। আবেগে ভেসে যাওয়ার আগে বাস্তবতাটাও যাচাই করে নেওয়া জরুরি। যাকে ভালো লাগছে, তার সঙ্গে আপনার চিন্তা, মূল্যবোধ বা জীবনদর্শনের মিল আছে কি না—তা ভেবে দেখা উচিত। অনেকেই বলেন, ভিন্নতা আকর্ষণ তৈরি করে, কিন্তু একেবারে মৌলিক জায়গায় অমিল থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যেতে পারে।
তাই কাউকে ভালো লাগলে তাকে বোঝার চেষ্টা করুন। সে তার চারপাশের মানুষদের সঙ্গে কেমন আচরণ করে, তার জীবন নিয়ে ভাবনা কী, ভবিষ্যৎ নিয়ে দৃষ্টিভঙ্গি কেমন—এসব বিষয় ধীরে ধীরে জানা জরুরি। একই সঙ্গে নিজের অনুভূতির স্থায়িত্বও যাচাই করুন। অনেক সময় হঠাৎ ভালো লাগা আর গভীর ভালোবাসার মধ্যে পার্থক্য থাকে, যা সময়ের সঙ্গে স্পষ্ট হয়।
সবকিছু ভেবে নেওয়ার পর আসে সবচেয়ে কঠিন ধাপ—মনের কথা বলা। মজার ব্যাপার হলো, আমরা অনেক জটিল বিষয় নিয়ে ভাবতে পারি, কিন্তু এই সহজ কথাটাই বলতে গিয়ে থমকে যাই। হয়তো আশপাশের সবাই বুঝে ফেলে, শুধু যাকে বলা দরকার তাকেই বলা হয় না। এই না-বলা অনুভূতিই অনেক সময় সুন্দর গল্প হয়ে থাকে, আবার অপূর্ণতাও থেকে যায়।
তবে সত্যি বলতে, যার জন্য এত ভাবনা—তাকে না জানালে সেই অনুভূতির বাস্তব কোনো রূপ পাওয়া কঠিন। তাই সময়, পরিস্থিতি ও অপর পক্ষের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সাহস করে বলেই ফেলুন মনের কথা। সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে মনে রাখতে হবে, সব ভালোলাগারই একই পরিণতি হয় না। কেউ হয়তো ইতোমধ্যে অন্য সম্পর্কে আছে, কিংবা সেইভাবে ভাবেই না। আবার কেউ কেউ নিজের অনুভূতিকে নিজের মধ্যেই রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এসব ক্ষেত্রেও সিদ্ধান্তটা সম্মানের সঙ্গে মেনে নেওয়া জরুরি।
সবশেষে, ফল যাই হোক—এই অনুভূতিটাকে উপভোগ করতে ভুলবেন না। প্রেমে পড়ার মধ্যে যে অস্থিরতা, দ্বিধা, আনন্দ আর স্বপ্নের মিশেল থাকে, সেটাই জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। মিলন হোক বা না হোক, এই অনুভূতির ভেতরেই লুকিয়ে থাকে জীবনের অনেক রঙ, যা একবার অন্তত অনুভব করা সত্যিই বিশেষ কিছু।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








