কান ফোঁড়ানো একটি সাধারণ সৌন্দর্যচর্চা হলেও এতে সঠিক যত্ন না নিলে সংক্রমণসহ নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কান ফোঁড়ানোর আগে যেমন প্রস্তুতি জরুরি, তেমনি পরে নিয়মিত পরিচর্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিচ্ছন্নতা নিশ্চিত করাই প্রথম শর্ত
কান ফোঁড়ানোর আগে অবশ্যই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেখানেই কান ফোঁড়ানো হোক না কেন ঘর, পার্লার বা চিকিৎসাকেন্দ্র পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়িতে ফোঁড়ালে ব্যবহৃত সুচ আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফোঁড়ানোর পর প্রতিদিন ওই স্থান পরিষ্কার রাখা এবং নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।
শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা
শিশুর কান ফোঁড়ানোর ক্ষেত্রে মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিশু ভয় পেতে পারে বা নির্দিষ্ট স্থান স্পর্শ করতে না চাইতে পারে। এ ক্ষেত্রে তাদের গল্প বা সহজ ভাষায় বোঝানো উচিত।
বিশেষজ্ঞদের মতে, শিশুর কান ফোঁড়ানোর উপযুক্ত সময় তখনই, যখন সে নিজে বিষয়টি সামলাতে সক্ষম হবে। নইলে দুল টানাটানি করে ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি থাকে।
ঘরোয়া যত্ন ও পরিচর্যা
ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. লুনা পারভীন জানিয়েছেন, কান ফোঁড়ানোর পর অন্তত সাত দিন বিশেষ যত্ন প্রয়োজন।
* ফোঁড়ানোর জায়গা শুকনো ও পরিষ্কার রাখতে হবে।
* ভিজে যাওয়া থেকে বিরত রাখতে হবে।
* জীবাণুনাশক ক্রিম ব্যবহার করা যেতে পারে।
* কানে বারবার হাত দেওয়া যাবে না।
* ঘুমের সময় নরম বালিশ ব্যবহার করা ভালো। এ ছাড়া হালকা গরম ভাপ দেওয়া এবং পরিষ্কার কাপড় দিয়ে যত্ন নেওয়া উপকারী হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
পুষ্টিকর খাবারের গুরুত্ব
এই সময়ে পর্যাপ্ত পানি, ফলমূল, শাকসবজি ও ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যা দ্রুত ক্ষত নিরাময়ে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিচ্ছন্নতা ও যত্ন মেনে চললে কান ফোঁড়ানোর পর জটিলতা এড়ানো সম্ভব এবং দ্রুত সেরে ওঠা নিশ্চিত করা যায়।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








