ছবি : মো. সোহেল মিয়া
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় শ্রমিকবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামিম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এটি এস আই মুর্শেদ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসা চলছিল রামিমের। পরে তার মৃত্যু হয়।
এর আগে একই দিন ভোরে দক্ষিণ সুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী নার্গিস, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস, সুনামগঞ্জের দিরাই উপজেলার মুন্নি মনি ও সুরুজ আলী, কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের বদরুল জামান, দিরাই উপজেলার ফরিদুল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও তার ভাই আমির উদ্দিন।
দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলমগীর, দিরাই উপজেলার আফরোজ মিয়া ও তুরাব উল্লাহ, তাহিরপুর উপজেলার রাবু বেগম এবং কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








