সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডিপুল পয়েন্ট সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ মে রাত ১২টা ৫৫ মিনিটের দিকে চণ্ডিপুল পয়েন্টের কাছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর সামনের খালি জায়গায় আনুমানিক ৭০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) রাজীব মোহন দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সাক্ষীদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দক্ষিণ সুরমা থানার এসআই রাজীব মোহন দাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। যোগাযোগ নম্বর: ০১৬১২-০৫৫৩২৬।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








