কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে : সিসিক প্রশাসক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩০ AM

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে : সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৯:১১:৫৬ PM

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে : সিসিক প্রশাসক


কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আজহার দিনে পশু জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।

সোমবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য অপসারণবিষয়ক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি সারা দেশে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে, সিলেটে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। 

দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া নির্দিষ্ট সময়ে বিশাল পরিমাণের এই বর্জ্য অপসারণ করা কঠিন। আমি সকলকে অনুরোধ করব, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ব্যাগে জমিয়ে রাখুন, যাতে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই তা সংগ্রহ করে নিতে পারেন। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।

কাজে গতিশীলতা আনার লক্ষ্যে একটি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে সিসিক প্রশাসক বলেন, যেসব ওয়ার্ডে সবচেয়ে দ্রুত ও দক্ষতার সাথে বর্জ্য অপসারণ সম্পন্ন হবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের সিসিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহযোগিতা আমরা দেব, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নগরকে পরিচ্ছন্ন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই হবে।

সভায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেট সিটি করপোরেশন অতীতেও অত্যন্ত সফলভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের জনবল ও প্রস্তুতি রয়েছে। মাঠপর্যায়ের প্রত্যেকে যদি নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে কাজ করেন, তবে এবারও আমরা নির্ধারিত সময়ের আগেই শতভাগ সফল হব।

উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একলিম আবদীন কালবেলাকে বলেন, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের সরকারি নির্দেশনা অনুযায়ী এবারও বিকাল ৫টার মধ্যে মূল সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের মতো এবারও ৫৫টি অতিরিক্ত ট্রাক, প্রায় ১ হাজারের বেশি শ্রমিক ও ২০০ অতিরিক্ত শ্রমিক নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এর মধ্যে হরিজন সম্প্রদায়ের ১৭১ জন কর্মীও থাকবেন। এছাড়া কোরবানিদাতাদের জন্য বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ, দুই দিনব্যাপী মাইকিং, লিফলেট বিতরণ এবং জুমার খুতবায় সচেতনতা কার্যক্রম চালানো হবে।

একলিম আবদীন বলেন, জনগণের সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই শহর পরিষ্কার করা সম্ভব হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর