শিক্ষায় সিলেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে : সিসিক প্রশাসক
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৪ PM

শিক্ষায় সিলেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে : সিসিক প্রশাসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৭:৩৪:৫৯ PM

শিক্ষায় সিলেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে : সিসিক প্রশাসক


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এক সময় সিলেট শিক্ষায় অগ্রসর একটি অঞ্চল ছিল। কিন্তু আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। বর্তমানে শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে পড়েছে। হারানো সেই গৌরব পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপ্রয়োজনীয়ভাবে ডিভাইসে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীশিক্ষায় সিলেটের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘একসময় সিলেটে নারীদের উচ্চশিক্ষার সুযোগ খুবই সীমিত ছিল। তারপরও কিছু অগ্রগামী নারী উচ্চশিক্ষা গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। এ সময় তিনি শামসি খানম চৌধুরী ও লীলা নাগের অবদানের কথা তুলে ধরেন।’

তিনি বলেন, সিলেট সরকারি মহিলা কলেজ নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক নারী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তাই এ কলেজকে সিলেটের নারীশিক্ষার অগ্রদূত বলা যায়।

কলেজের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আশির দশকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এ কলেজকে জাতীয়করণ করেন। কিন্তু এখনও এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। কমার্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদানের সুযোগ নেই। নতুন নতুন বিষয়ে পাঠদান চালু, প্রয়োজনীয় শিক্ষক পদ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক অনুপা নাহার ওয়ালেদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সামছুল ইসলাম ও উপাধ্যক্ষ ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক, সহকারী অধ্যাপক মোছাম্মৎ নাহিদা আক্তার। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর