২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ২২ দিন। তার আগে আঙুল ভেঙেছে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের।
বুধবার ইউরোপা লীগ ফাইনালে এসসি ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা। ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে নামার আগেই বড় ধাক্কা খায় ভিলা। ম্যাচ শুরুর আগের অনুশীলনের সময় আঙুল ভেঙে যায় মার্তিনেজের।
চোট পাওয়ার পরপরই মার্তিনেজ মাঠের পাশে গিয়ে ভিলার মেডিকেল টিমের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর আঙুলে বিশেষ টেপ পেঁচিয়েই মূল ম্যাচের জন্য মাঠে নেমে পড়েন।
চোট পেলেও মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি মার্তিনেজের। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে জাল অক্ষত রাখেন এই বিশ্বকাপজয়ী গোলকিপার। ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ৩০ বছর পর প্রথম কোনো বড় ট্রফি জয়ের স্বাদ পায় ভিলা।
ম্যাচ শেষে ইএসপিএন-কে মার্তিনেজ বলেন, ‘আজ (বুধবার) রাতে আমরা যা অর্জন করেছি তা এককথায় অসাধারণ। আমি সত্যিই গর্বিত এবং প্রতিটি ম্যাচের সাথে সাথে আমার আত্মবিশ্বাস আরও বাড়ছে। আজ ওয়ার্ম-আপের সময় আমার আঙুলটি ভেঙে যায়। এর আগে কখনো আমার আঙুল ভাঙেনি। যতবারই আমি বল ধরতে যাচ্ছিলাম, আঙুলটি উল্টো দিকে মচকে যাচ্ছিল। কিন্তু দিনশেষে, সাফল্যের জন্য এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে।‘
ম্যাচের প্রথম ঘণ্টার মধ্যেই ইউরি তিলেমানস, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মরগান রজার্সের চমৎকার তিনটি গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। আর পোস্টের নিচে মার্তিনেজ অতন্দ্র প্রহরী হয়ে থাকায় ফ্রাইবুর্গের ম্যাচে ফেরার আর কোনো সুযোগই ছিল না।
ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘সত্যি বলতে, এই ক্লাবের সমর্থক এবং এখানকার সবাই আমার পরিবারের মতো। যতবারই অ্যাস্টন ভিলার গোলপোস্ট সামলাতে মাঠে নামি, বুকভরা গর্ব নিয়ে নামি। আজ সবটুকু অভিজ্ঞতা ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। পর্দার আড়ালে যে কঠোর পরিশ্রম আর অনুশীলন আমরা করি, আজ রাতে তারই ফল পেয়েছি।‘
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে হাসিমুখেই কথা বলেন মার্তিনেজ। ফলে জুনে শুরু হতে যাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশনে তাঁর অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই বললেই চলে।
ভিলার এই গোলকিপার জানান, ‘আমি ভীষণ আনন্দিত। এখন দলের সবার সাথে উদযাপনের সময়। কারণ, এই ক্লাবটি দীর্ঘদিন ধরে এমন উপলক্ষ পায়নি। এরপরই আমার পুরো মনোযোগ চলে যাবে বিশ্বকাপের দিকে।‘
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা। ১৭ জুন শিরোপা ধরে রাখার মিশনে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








