ঈদে পরিচ্ছন্ন সিলেট: ৮ ঘণ্টার আগেই বর্জ্যমুক্ত নগরী
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০৯ PM

ঈদে পরিচ্ছন্ন সিলেট: ৮ ঘণ্টার আগেই বর্জ্যমুক্ত নগরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০৬:২৭:৪২ PM

ঈদে পরিচ্ছন্ন সিলেট: ৮ ঘণ্টার আগেই বর্জ্যমুক্ত নগরী


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।

এদিকে, কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) গ্রহণ করে ব্যাপক কর্মসূচি। নির্ধারিত ৮ ঘণ্টার আগেই বৃহস্পতিবার দুপুরের মধ্যে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার কোরবানির বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করে সিসিক। এতে স্বস্তি ফিরে আসে নগরবাসীর মাঝে।

সিসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মীরা সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় অক্লান্ত পরিশ্রম করে বর্জ্য সংগ্রহ ও অপসারণে কাজ করেন। লে. কর্নেল (অব.) একলিম আবদীনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়।

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।

ঈদুল আজহা ও পশু কোরবানিকে কেন্দ্র করে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় সিসিক। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। এছাড়া কোরবানিদাতাদের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে ৩০ হাজার পচনশীল ব্যাগ বিতরণ করা হয়। চালু রাখা হয় ২৪ ঘণ্টার হটলাইন সেবাও।

সিসিক সূত্র জানায়, কোরবানির বর্জ্য অপসারণে সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত ছিলেন। এ কাজে সিসিকের নিজস্ব ৬০টি ট্রাকের পাশাপাশি ভাড়াকৃত আরও ৫৫টি ট্রাক ব্যবহার করা হয়। বুধবার রাত থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন জানান, নগরবাসীর সহযোগিতা ও পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর