‘এমেক্স এসোসিয়েট’র কর্ণধার ইমন আটক, পুলিশে সোপর্দ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৩ AM

‘এমেক্স এসোসিয়েট’র কর্ণধার ইমন আটক, পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৭:৫৯:৪৬ PM

‘এমেক্স এসোসিয়েট’র কর্ণধার ইমন আটক, পুলিশে সোপর্দ


বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘এমেক্স এসোসিয়েট’ (AMEX Associates)-এর কর্ণধার ইমন উদ্দিনকে আটক করেছেন ভুক্তভোগীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে জামিন আবেদনের জন্য সিলেট আদালতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে ভুক্তভোগীরা তাকে আটক করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মাধ্যমে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিসা প্রাপ্তির ভিডিও প্রচার করে মানুষকে আকৃষ্ট করা হতো। বিশেষ করে ‘মাত্র ১ হাজার টাকায় ভিসা প্রাপ্তি’র প্রচারণা চালিয়ে সহজ শর্তে বিদেশ পাঠানোর প্রলোভন দেখানো হয়।

অভিযোগ রয়েছে, এভাবে প্রায় ৭০০ তরুণ-যুবকের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ৫ লাখ টাকা করে অন্তত ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন ইমন উদ্দিন ও তার সহযোগীরা।

এদিকে প্রতারণার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ১৯ মে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন অভিযুক্তরা। একই সঙ্গে তাদের ফেসবুক পেজও বন্ধ করে দেওয়া হয়।

পরে ঘটনাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নজরে এলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী। 

এ বিষয়ে এসএমপির শাহপরাণ (রহ.) থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ভুক্তভোগীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এখন তিনি পুলিশের হেফাযতে রয়েছেন। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর