সিলেট নগরীতে পুলিশের সামনেই মিছিল দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকালে নগরীর নবাব রোড এলাকায় এ ঘটনা ঘটে। অবশ্য মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নবাব রোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- আওয়ামী লীগের নেতা-কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক সে সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ কেটেই সামনের দিকে এগিয়ে যায়। পরে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটক করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি









