সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কিশোরীদের একটি ফুটবল ম্যাচ। সিলেট থেকে জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা নির্ধারিত সময়েই মাঠে পৌঁছেছিলেন। তবে স্থানীয় একটি পক্ষের আপত্তির পর শেষ পর্যন্ত ম্যাচটি আর হয়নি। সোমবার বিকেলে দিরাই উপজেলা স্টেডিয়ামে স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের সঙ্গে জারা স্পোর্টিং ক্লাবের ম্যাচটি হওয়ার কথা ছিল। খেলা স্থগিত হওয়ায় সিলেট থেকে আসা জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মন খারাপ করে বাড়ি ফিরতে হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, ম্যাচটি বন্ধের দাবিতে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে যান। পরে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু দুটি পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজন করতে হবে। তা সম্ভব না হলে ম্যাচ স্থগিত করার কথা বলা হয়।
খেলা বন্ধের দাবি জানানো ‘দিরাই ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি শরিফ উদ্দিন বলেন, “মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে এটা আমরা মানতে পারি না। এর আগে আমার দেখিনি। আমরা খেলাধুলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।”
তিনি আরও বলেন, “আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।”
তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজন নতুন কোনো বিষয় নয়। খেলার আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, “স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। ওই সময় আমাদের আমন্ত্রণে দেশের ৭ জেলার মেয়েদের ৭টি ফুটবল দল দিরাইয়ে এসে খেলে গেছে। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলেছে। জাতীয়ভাবেও তারা বিভিন্ন খেলায় অংশ নিয়েছে।”
তিনি বলেন, “আজ দুপুরে পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে তিনি খেলা স্থগিত করা হয়েছে।”
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, চার-পাঁচদিন আগে দিরাইয়ে খেলা আয়োজনের বিষয়ে একজন তাকে জানিয়েছিলেন। পরে অন্য একটি পক্ষ নারীদের এই খেলার বিরুদ্ধে অবস্থান নেয়।
ইউএনও বলেন, যেহেতু উভয় পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে আয়োজকেরা পরে জানিয়েছেন, তাঁরা নিজেরাই ম্যাচটি স্থগিত করেছেন।
এদিকে নির্ধারিত সময়ে দিরাইয়ে পৌঁছেও মাঠে নামতে পারেনি জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। দলটির কোচ বশির উদ্দিন বলেন, “আমরা ম্যাচ খেলতে নির্ধারিত সময়েই দিরাইয়ে পৌঁছেছি। এখন জেনেছি খেলা হবে না। মেয়েরা মন খারাপ করেছে।”
খেলা না হওয়ায় সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।
আজকের সিলেট/ জেকেএস
সংবাদদাতা 








