স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর মরদেহ উদ্ধার
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ PM

স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর মরদেহ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৩:৩০:০২ PM

স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর মরদেহ উদ্ধার


মৌলভীবাজারের রাজনগরে স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী মাটিচাপা দেওয়া অবস্থায় জায়েদা বেগম নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ওই গৃহবধূ প্রায় ২০ দিন ধরে বিদেশ চলে গেছেন বলে এলাকায় প্রচার করেন তাঁর স্বামী। এঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ জায়েদা বেগম স্বামী আলমঙ্গীর হুসেনের বাড়ি মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে থাকতেন। জায়েদা বেগম একই ইউনিয়নের সোনাটেকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ সপ্তাহ ধরে জায়েদা বেগমের সন্ধান না পেয়ে স্বামীর সাথে যোগাযোগ করেন জায়েদা বেগমের বাবার বাড়ির লোকেরা। এসময় স্বামী আলমঙ্গীর হুসেন তাদেরকে বলেন জায়েদা বেগম বিদেশে চলে গেছেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পরিবারের সদস্যরা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরকে জানান।

একপর্যায়ে রাজনগর থানা পুলিশ আলমঙ্গীর হুসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জায়েদা বেগমকে মাটিচাপা দেওয়া লাশের সন্ধান দেয় আলমঙ্গীর। তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে করিমপুর গ্রাম থেকে জায়েদার মাটিচাপা লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল আহমদ ও রুহুল আমীন বলেন, ‘স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দেয় আলমঙ্গীর হুসেন। অথচ সে প্রচার করে জায়েদা বিদেশে চলে গেছে। আমরা আলমঙ্গীরের কাছে বিদেশে যাওয়ার প্রমাণ চাইলে সে দিতে পারেনি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় আমরা পুলিশকে জানাই।

এ বিষয়ে রাজনগর থানার ওসি মো.ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘প্রাথমিক জিজ্ঞেসাবাদে জাহাঙ্গীর তার স্ত্রীর মাটিচাপা লাশের সন্ধান দেয়। এছাড়াও জড়িত কয়েকজনের নামও বলেছে। এ ঘটনার তদন্ত চলছে।’

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর