সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি উল্টে সুহেল মিয়া (৩৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুহেল উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুহেল মিয়া পেশায় একজন মাটিকাটা শ্রমিক। তিনি ট্রলি গাড়ির চালকের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়। এতে সুহেল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আলিম উদ্দিন জানান, ট্রলি উল্টে গিয়ে সুহেল মিয়া নিচে চাপা পড়েন। এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








