ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সিলেট নগরভবন প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত বিশাল জায়ান্ট এলইডি স্ক্রিনে ফাইনাল খেলা উপভোগ করতে রোববার রাতে নগরভবন প্রাঙ্গণে জড়ো হন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক।
নগরের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে মানুষ খেলা দেখতে আসেন। খেলা শুরুর অনেক আগেই নগরভবন প্রাঙ্গণ দর্শকে পূর্ণ হয়ে যায়। নারী, পুরুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
এর আগে গত ৯ জুলাই সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জায়ান্ট এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নগরবাসীর জন্য সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করাও সিটি কর্পোরেশনের দায়িত্ব। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মানুষকে একত্রিত করা, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই আমরা এই আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপকে কেন্দ্র করে সারা বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে, তখন সিলেটবাসীকেও একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে সিসিক এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও নগরবাসীর জন্য এ ধরনের জনবান্ধব আয়োজন অব্যাহত থাকবে।” পরে তিনি নগরবাসীর সঙ্গে একসঙ্গে বসে খেলা উপভোগ করেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “নগরবাসীর ব্যাপক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সবাই খেলা উপভোগ করছেন। এটি সিলেটের সামাজিক ঐক্যেরও একটি ইতিবাচক উদাহরণ।”
খেলা চলাকালে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও প্রিয় দলের সমর্থনে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরভবন প্রাঙ্গণ। অনেকেই মন্তব্য করেন, এত বড় পরিসরে উন্মুক্ত স্থানে একসঙ্গে খেলা দেখার সুযোগ সিলেটে আগে খুব কমই হয়েছে।
আয়োজনস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সিসিকের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি দর্শকদের জন্য প্রয়োজনীয় আলো, বসার ব্যবস্থা ও পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়।
নগরবাসীর অনেকেই সিসিক প্রশাসকের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এমন আয়োজন শহরের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করবে। ফুটবল বিশ্বকাপের এই আনন্দঘন মুহূর্তে সিলেট নগরভবন প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে এক বিশাল ফুটবল উৎসবের আসরে।
আজকের সিলেট/ডি/এসটি









