ঘর সাজান ইনডোর প্ল্যান্টে
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ PM

ঘর সাজান ইনডোর প্ল্যান্টে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১০:৩৫:১৩ AM

ঘর সাজান ইনডোর প্ল্যান্টে


প্রকৃতিপ্রেমী নন-এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সবুজের সান্নিধ্য মনকে যেমন প্রশান্ত করে, তেমনি ব্যস্ত নগরজীবনে একটুখানি সবুজ এনে দিতে পারে স্বস্তির পরশ। ইট-পাথরের এই শহরে নিজের ঘরটিকে নান্দনিক ও প্রাণবন্ত করে তুলতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই। সঠিক গাছ নির্বাচন ও পরিচর্যার মাধ্যমে খুব সহজেই ঘরে এনে দেওয়া যায় প্রকৃতির ছোঁয়া। ঘর সাজানোর জন্য কোন গাছ উপযোগী, কোথায় পাওয়া যায় এবং কীভাবে পরিচর্যা করবেন-এসব নিয়েই আজকের আয়োজন।

ঘরে রাখার উপযোগী গাছ
ঘরের ভেতর বা অফিস ডেস্ক সাজাতে জনপ্রিয় কয়েকটি ইনডোর প্ল্যান্ট হলো-মানিপ্ল্যান্ট, বিভিন্ন ধরনের পাতাবাহার, ফিকাস, ক্যাকটাস, বাঁশপাতা, ডেজার্ট রোজ, থাই রোজ, কেবি রোজ, ডেসিরা, পাথরকুচি, লাভ ক্যাকটাস ও বট বনসাই।

বারান্দার জন্য
বারান্দা বা ঝুলন্ত টবে রাখতে পারেন অর্কিড, ঝুমরিলতা, মোকরা, একললিমা এবং বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং পাতাবাহার। এসব গাছ কম জায়গায়ও দারুণ মানিয়ে যায়।

কোথায় পাবেন?
রাজধানীর বিভিন্ন নার্সারিতে সহজেই ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসংলগ্ন নার্সারিগুলো। আগারগাঁওয়ের বিভিন্ন নার্সারি। ঢাকা কলেজের সামনের ফুটপাতের গাছের দোকান। বনানী ডিওএইচএসসংলগ্ন নার্সারিসহ রাজধানীর বিভিন্ন এলাকার গাছের দোকান ও নার্সারি।

কত টাকা লাগবে?
ইনডোর প্ল্যান্ট কিনতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না। সাধারণ গাছ ৩০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়। আর টবের নকশা ও আকারভেদে সাজানো গাছের দাম সাধারণত ৮০ থেকে ১৫০ টাকা বা তারও বেশি হতে পারে।

উপযোগী মাটি
ইনডোর প্ল্যান্টের জন্য বেলে ও দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী।

রোদের আলো
সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সকালের কোমল রোদে গাছ রাখুন। দুপুরের তীব্র রোদে রাখবেন না, এতে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে।

মাটি আলগা করুন
আট থেকে ১০ দিন পরপর টবের মাটি হালকা করে ঝুরঝুরে করে দিন। এতে শিকড় পর্যাপ্ত বাতাস পায় এবং গাছ ভালো থাকে।

সঠিকভাবে পানি দিন
গাছের গোড়ায় একসঙ্গে বেশি পানি না দিয়ে টবের চারপাশে ধীরে ধীরে পানি দিন। প্রয়োজনে পাতায় হালকা স্প্রে করতে পারেন। নরম কাপড় বা ব্রাশ দিয়ে পাতা পরিষ্কার রাখুন এবং শুকিয়ে যাওয়া বা রোগাক্রান্ত পাতা ছেঁটে ফেলুন।

পানি দেওয়ার সময়
সকালের হালকা রোদে অথবা বিকেলে রোদ কমে গেলে গাছে পানি দেওয়া সবচেয়ে ভালো।

টব পরিবর্তন
টব বদলানোর সময় শিকড় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকুন।

ঘরের দেয়ালের রং, আলো-বাতাস ও জায়গার সঙ্গে মিলিয়ে ইনডোর প্ল্যান্ট নির্বাচন করলে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পরিবেশও হবে আরও সতেজ ও আরামদায়ক। অল্প যত্নেই এই ছোট্ট সবুজ সঙ্গীরা আপনার বাসায় এনে দিতে পারে প্রাণের স্পর্শ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর