সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মৃত ১০ মাস বয়সি মুসা হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা কাউসার মিয়ার ছেলে। সে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে।
শনিবার সকালের মধ্যে আলাদা হাসপাতালে শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
অপর শিশু ১৫ মাস বয়সি রাইসা আক্তার দক্ষিণ সুরমা উপজেলার মো. আউলাদ মিয়ার ছেলে। সে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৭৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৬৬২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে; আর নিশ্চিত হামে ছয়জনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আজকের সিলেট/এপি









