সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে গভীর রাতে নৌকাডুবির ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুজনের দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।
শনিবার বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপজেলার চিলাউড়া এলাকা থেকে সতীন্দ্র দেবনাথের (৫২) লাশ উদ্ধার করে বলে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান।
সতীন্দ্র দেবনাথ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
এর আগে এ ঘটনায় দুপুরের দিকে একই গ্রামের মৃত অনীল দেবনাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
এখনও নিখোঁজ রয়েছেন একই গ্রামের অধীর দেবনাথ (৫০) ও হেমেন্দ্র দেবনাথ (৫৫)।
নৌকাডুবির ঘটনায় সাঁতরে তীরে আসা ওই গ্রামের বাসিন্দা নিশি দেবনাথ বলেন, ভবানীপুর গ্রাম থেকে তারা নয়জন শুক্রবার রাতে একটি হাতে বাওয়া নৌকায় করে বালুচর গ্রামের একটি বাড়িতে কীর্তন করতে যান। রাত ৩টার দিকে তারা বাড়ি ফিরছিলেন।
পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। তখন সাঁতরে পাঁচজন তীরে উঠলেও চারজন নিখোঁজ হন।
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “সন্ধ্যা ৭টায় আজকের অভিযান শেষ হয়েছে। বাকিদের উদ্ধারে আগামীকাল অভিযান চলবে।”
আজকের সিলেট/এপি









