সারাদেশের ন্যায় বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মুস্তফা উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রোকন উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মজলিসের শুরা ও কর্মপরিষদের অন্যতম সদস্য হাকিম নাজিম উদ্দীন বলেন, জুলাই নিয়ে ছিনিমিনি করলে দাঁতভাঙা জবাব দেবে জনগণ। তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের আদালতেই ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে।
এসময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মজলিসের শুরা ও কর্মপরিষদের সদস্য এবং উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রায়হান আলম সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম, সহকারী সেক্রেটারি ও লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মুমিন এবং যুব বিভাগের সভাপতি শফি আহমেদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, দায়ীদের আইনের আওতায় আনা এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা অংশ নেন। পরে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








