সিলেটে আইসিইউ না পেয়ে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০১ AM

সিলেটে আইসিইউ না পেয়ে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৫:৩১:২৪ PM

সিলেটে আইসিইউ না পেয়ে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ


সিলেটে হাসপাতালে আইসিইউ না পাওয়ায় হামে আক্রান্ত আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সিলেটের একমাত্র হাম ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আয়ান নামের ওই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায়। 

তার বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগমের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আয়ানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় পরে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা।

শিশুটির স্বজনদের দাবি, শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পক্ষ থেকে অক্সিজেনের প্রয়োজনের কথা জানানো হলেও তাদেরই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। পরে শিশুটির আইসিইউ প্রয়োজন হলেও তাৎক্ষণিকভাবে আইসিইউতে স্থানান্তর করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

স্বজনদের ভাষ্য, প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিশুটির মা-বাবার প্রশ্ন, রোগী মারা যাওয়ার পর কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো?

শনিবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়ে এসব অভিযোগ করেন শিশুটির বাবা-মা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। পরে স্বজনরা সেখানকার লিখিত অনুমোদন ছাড়াই তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন। আগে থেকে যোগাযোগ না থাকায় তাৎক্ষণিকভাবে আইসিইউর ব্যবস্থা করা সম্ভব হয়নি।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, শিশুটি যখন হাসপাতালে আসে, তখন আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। পরে আইসিইউতে শয্যা খালি হলে তাকে সেখানে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ডা. মিজানুর রহমান বলেন, কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগী স্থানান্তর করা উচিত। এ ক্ষেত্রে স্বজনরা সরাসরি অনুমতি ছাড়া রোগী নিয়ে হাসপাতালে চলে আসেন। আগে থেকে যোগাযোগ করে এলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হতো।

তিনি আরও বলেন, কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে পূর্বপ্রস্তুতি নিয়ে এবং সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে সমন্বয় করে রোগী স্থানান্তর করা হলে চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে করা সম্ভব।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর