জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় মো. নাজিম উদ্দীন (৫৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬ নম্বর কূপ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত নাজিম উদ্দীন হরিপুর এলাকার মাহমুদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৯০৬৬ নম্বরের একটি গেইটলক বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হরিপুর বাজার এলাকায় প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে উপজেলা প্রশাসন, জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গেইটলক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল-আমীন মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করা হয়েছে।আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








