জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ PM

জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ১২:২৯:৪৩ PM

জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু


সিলেটে হাসপাতালে আইসিইউ বেড না পাওয়ায় হামে আক্রান্ত আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার দুপুর ১টায় সিলেটের একমাত্র হাম ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আয়ান নামের ওই শিশুর মৃত্যু হয়। শিশুটির গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে।

শিশুটির বাবা মোরশেদ আলম ও মা খোরশেদা বেগমের দাবি করে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা।

তাদের অভিযোগ, শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হয়। তবে তাদেরই সেই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের। বাবা-মায়ের প্রশ্ন, রোগী মারা যাওয়ার পরেই কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো? এ সময় হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তান হারানো এই দম্পতি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি ওসমানী হাসপাতালে ভর্তি ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা। কিন্তু সেখানকার লিখিত অনুমোদন ছাড়া তারা এখানে চলে আসেন। আগে থেকে বলে না আসায় তাৎক্ষণিকভাবে আইসিইউ ব্যবস্থা করা যায়নি।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, শিশুটি যখন এখানে আসে, তখন আইসিইউ খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়।

তিনি আরও জানান, শিশুটি প্রথমে মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিল। পরে তাকে ওসমানীতে ভর্তি করা হয়। তিনি বলেন, ওসমানীতে ভর্তি থাকা কোনও রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সেখান থেকেই সংশ্লিষ্ট চিকিৎসকরা যোগাযোগ করে এখানে আইসিইউ’র ব্যবস্থা করেন। কিন্তু, মারা যাওয়া শিশুর স্বজনরা হয়তো কারোর পরামর্শে ওসমানীর ছাড়পত্র না নিয়েই শামসুদ্দিনে চলে আসেন। যে কারণে আইসিইউ বেড ম্যানেজ করতে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে।

এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান।  আইসিইউ প্রয়োজন হলে পূর্বপ্রস্তুতি নিয়ে রোগী স্থানান্তর করার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, ১০০ বেডের শহীদ শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ১৩৫ জন রোগী।

এদিকে, সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামে কোনও শিশুর মৃত্যু না হলেও এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ রোগী। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২১ জনের। এ বিভাগে এ পর্যন্ত ৮০৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, হামে এ পর্যন্ত এ বিভাগে ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নিশ্চিত হামে আর বাকিরা উপসর্গে। বর্তমানে এ বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ২৮৬ জন রোগী। এর মধ্যে শামসুদ্দিন আর ওসমানী হাসপাতালে ভর্তি ১৯৮ জন রোগী। বাকিরা অন্য হাসপাতালে ভর্তি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর