বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ PM

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ১২:৪৩:২২ PM

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই


সিলেটের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে রোববার ভোর ৪টা ৩৬ মিনিটে সিলেট নগরীর মাছুদিঘীরপাড় নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ সিলেট জেলা বারের আইনজীবী রতন মনি চন্দের পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ভোরে নগরীর মির্জাজাঙ্গল এলাকার বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

রবীন্দ্র চন্দ ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন গর্বিত সৈনিক। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার পরও তিনি দেশ ও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজ এলাকার মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ও সমাজসচেতন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহযোদ্ধা, বন্ধু-বান্ধব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাসভবনে ছুটে যান। তাঁকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমে।

রবীন্দ্র চন্দের প্রয়াণে সিলেটের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ আইনজীবী সমাজে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার দুপুরে নগরীর চালিবন্দর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

মহান মুক্তিযুদ্ধের এই বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানোর মধ্য দিয়ে তাঁর দীর্ঘ জীবনের সংগ্রাম ও দেশের স্বাধীনতার জন্য অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

আজকের সিলেট/এসসিজে/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর