৪৫ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তার চেহারা ও ফিটনেস দেখে বয়স আন্দাজ করা কঠিন। অনুরাগীদের অনেকেই মনে করেন, মেয়ে পলক তিওয়ারির সঙ্গে শ্বেতাকে দেখলে মা-মেয়ের চেয়ে দুই বোন বলেই মনে হয়। নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শ্বেতা।
সম্প্রতি জিমে যাওয়ার প্রস্তুতি এবং ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র কীভাবে গুছিয়ে রাখেন, তারই কিছুটা তুলে ধরেছেন তিনি। শুধু শরীরচর্চা নয়, জিমে যাওয়ার আগে ত্বকের যত্ন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন শ্বেতা। তার জিম ব্যাগের সামগ্রী দেখলেও বিষয়টি স্পষ্ট হয়।
জিমে যাওয়ার আগে ত্বকের যত্ন
শরীরচর্চার আগে ত্বকের জন্য দীর্ঘ কোনো রুটিন অনুসরণ করেন না শ্বেতা। মুখে হালকা ময়েশ্চারাইজার লাগানোর পাশাপাশি ব্যবহার করেন সানস্ক্রিন। ঠোঁটের জন্য রাখেন লিপ বাম।
বাইরে গিয়ে শরীরচর্চা করলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি বলে মনে করেন চর্মরোগ চিকিৎসকেরা। শুষ্ক ত্বকের ক্ষেত্রে হালকা ও তেলহীন ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। তবে জিমে যাওয়ার আগে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। ঘামের সঙ্গে প্রসাধনী মিশে ত্বকে অস্বস্তি, জ্বালা বা ব্রণের সমস্যা তৈরি করতে পারে।
সাধারণভাবে জিমে যাওয়ার আগে মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। আবার ব্যায়াম শেষে ত্বকের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। গোসলের পর আরামদায়ক ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। হায়ালুরোনিক অ্যাসিড ও সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার ত্বকের জন্য উপকারী হতে পারে।
জিম ব্যাগে কী থাকে শ্বেতার?
শ্বেতার জিম ব্যাগে শরীরচর্চার পোশাকের পাশাপাশি থাকে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী। ব্যায়ামের জুতো, এক জোড়া মোজা, অতিরিক্ত পোশাক এবং তোয়ালে রাখেন তিনি।
ভেজা তোয়ালে ব্যবহারের পর ব্যাগে বহন করার ঝামেলা এড়াতে একবার ব্যবহারযোগ্য তোয়ালে ব্যবহার করেন শ্বেতা। ব্যায়ামের সরঞ্জামের মধ্যে তার ব্যাগে থাকে রেজিস্ট্যান্স ব্যান্ড ও লুপ ব্যান্ড। স্ট্রেচিং এবং শক্তিবর্ধক বিভিন্ন অনুশীলনে এগুলো ব্যবহার করা যায়। আকারে হালকা হওয়ায় সঙ্গে রাখতেও সুবিধা।
ব্যাগে আলাদা তিনটি থলিও রাখেন অভিনেত্রী। একটি থলিতে থাকে শৌচালয়ে ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী। আরেকটিতে থাকে গোসলের পর ব্যবহারের জিনিসপত্র। তৃতীয়টিতে রাখা হয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রয়োজনীয় সামগ্রী।
এর পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ও প্যান্টি লাইনারও সঙ্গে রাখেন শ্বেতা। তার জিমের প্রস্তুতি থেকেই বোঝা যায়, ফিটনেসের পাশাপাশি ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতাকেও যথেষ্ট গুরুত্ব দেন এই অভিনেত্রী।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








