সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের হামে আক্রান্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮, হবিগঞ্জে ১২৩, মৌলভীবাজারে ১২৭ এবং সুনামগঞ্জে ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের দুজনের রুবেলা রোগও রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস









