সিলেটে বাড়ছে হাম মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা ১৩৫
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ PM

সিলেটে বাড়ছে হাম মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা ১৩৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১২:৩৯:৫৮ PM

সিলেটে বাড়ছে হাম মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা ১৩৫


সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন।

শনিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক রোগে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ৫ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স ১১ মাস। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রতিবেদনে তাদের ঠিকানা হিসেবে সিলেটের টুকেরবাজার ও জকিগঞ্জের ওয়াসার এলাকার কথা উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহজনক নতুন রোগী ভর্তি হয়েছে ৬৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহজনক রোগী ভর্তি আছেন ২৮৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন এবং বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছেন।

জেলা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩০৫ জন। একই সময়ে হবিগঞ্জে ১৪৮, মৌলভীবাজারে ১৪৬ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের দুজন রোগী রুবেলায় আক্রান্ত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর হিসাবে সিলেট জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৪৬ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সেখানে কোনো মৃত্যুর তথ্য নেই। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে ১২৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং ছয়জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে।

এদিকে, প্রতিদিন নতুন করে রোগী শনাক্ত ও হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর ভর্তি অব্যাহত থাকায় সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর