বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে যাত্রা শুরুর মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের ঘর পেরিয়েছে সিনেমাটি। একই সঙ্গে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা ছবির রেকর্ডও নিজেদের করে নিয়েছে ‘আওয়ারাপান টু’।
স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি নেট ৮১ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এর গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করলে বিশ্বব্যাপী ছবিটির মোট সংগ্রহ ১১০ কোটি ১০ লাখ রুপিতে পৌঁছেছে। মুক্তির প্রথম দিন শুক্রবার ‘আওয়ারাপান টু’ আয় করে ২২ কোটি রুপি। পরদিন শনিবার সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। এরপর রোববার ভারতে ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি আয় করেছে ২৬ কোটি রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল এবং এর মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। মজার বিষয় হলো, মুক্তির প্রথম দিনেই সেই পুরো আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ‘আওয়ারাপান টু’।
ইমরান হাশমির ক্যারিয়ারের সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের হিসাবও ছাড়িয়ে গেছে নতুন এই ছবি। তার ‘হক’ ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল প্রথম দিনে। এসব রেকর্ড পেছনে ফেলে দিয়েছে ‘আওয়ারাপান টু’। একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। তবে আয়ের হিসাবে দুই ছবির মধ্যে বড় ব্যবধান তৈরি করে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু’।
নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের উপস্থিতি ও প্রশংসায় প্রেক্ষাগৃহে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে সিনেমাটি।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








