যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারও শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮০ দশমিক ৯০ ডলারে উঠেছে।
এদিকে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ডলারের দর কমলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে সোনার চাহিদা বাড়তে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৯ দশমিক ৭২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৩ দশমিক ২৫ ডলারে উঠেছে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








