হবিগঞ্জের চুনারুঘাটে বালুভর্তি ট্রাক থেকে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় প্রসাধনী ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের বিত্বেতে উপজেলার চণ্ডীছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, ডাম্প ট্রাকে করে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে- এমন তথ্য বিজিবির কাছে আগে থেকেই ছিল। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল চণ্ডীছড়া চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মঙ্গলবার ভোর ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি সড়কের পাশে ফেলে আত্মগোপন করে। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে বালুর ভেতরে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশ এবং এগুলো পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি ডাম্প ট্রাক জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ২৮ লাখ টাকা। জব্দ মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/ জেকেএস
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








