মৌলভীবাজারে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ PM

মৌলভীবাজারে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০১:৫৯:১৩ PM

মৌলভীবাজারে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা


মৌলভীবাজারের রাজনগরের মহলালের জরিফ মিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম শনাক্ত হয়েছে। অকটেন ও ডিজেল নির্ধারিত পরিমাণের তুলনায় কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চারটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাইয়ে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ। ‘প্রসিকিউটিং এজেন্সি’ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, মহলালের জরিফ মিয়া ফিলিং স্টেশনে অকটেনের ক্ষেত্রে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার করে ঘাটতি পাওয়া যায়। পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অন্যদিকে, অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোংয়ের জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেছে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেলের পরিমাণে অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর