সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ PM

সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৩:৪১:৪৭ PM

সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ঘনফুট বালু জব্দ


সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে চারটি নৌকা ধ্বংস ও ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসনের জানায়, সকাল ১০টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে আসামপাড়া শংকর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়। পরে আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী স্পট নিলামের মাধ্যমে প্রতি ঘনফুট ২৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর