হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক রফিকের মৃত্যুর অভিযোগ, ৪ সদস্যের তদন্ত কমিটি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ PM

হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক রফিকের মৃত্যুর অভিযোগ, ৪ সদস্যের তদন্ত কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ১১:০৬:১০ AM

হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক রফিকের মৃত্যুর অভিযোগ, ৪ সদস্যের তদন্ত কমিটি


হবিগঞ্জ শহরের ‘চাঁদের হাসি হাসপাতাল লিমিটেড’ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা বিএনপির প্রবীণ নেতা, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে। চিকিৎসায় ভুল ও কর্তব্যে অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

গোলাম মোস্তফা রফিক দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই চাঁদের হাসি হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। চিকিৎসায় ভুলের অভিযোগকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা সেখান থেকে চলে যান।

এদিকে চিকিৎসায় কোনো ভুল বা অবহেলার কারণে গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে কি না, তা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠন করা হয়। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসকে কমিটির প্রধান করা হয়েছে।

তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রতিনিধি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গোলাম মোস্তফা রফিকের স্বজনদের ভাষ্য, শারীরিক অসুস্থতার কারণে তিনি এক দিন ধরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাইভেটভাবে চিকিৎসা নিতে চাঁদের হাসি হাসপাতালে ডা. সোলাইমানের কাছে যান। সেখানে চিকিৎসকের সহকারী আল-আমিনের ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং পুলিশ সুপার তারেক মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

হাসপাতালে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তার মৃত্যু ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। চিকিৎসায় ভুল কিংবা অবহেলা ছিল কি না, তা তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাজা মঙ্গলবার দুপুর ২টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর