সিলেট বিভাগে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সাইদুর ইসলাম নামে ১০ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জন। এর মধ্যে সিলেটে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৭১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন আছেন ২৯৩ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১১৭ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
অন্য হাসপাতালগুলোর মধ্যে বিয়ানীবাজার ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন করে, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নয়জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির নাম সাইদুর ইসলাম। ১০ মাস বয়সী এই শিশু সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাবার নাম সালেক আহমেদ এবং বাড়ি সিলেটের জকিগঞ্জে।
জেলাভিত্তিক হিসাবেও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সিলেটে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন চারজন। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৫ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।
একইভাবে মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন ও নিশ্চিত হাম রোগে একজন এবং সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৫৬ জন ও নিশ্চিত হাম রোগে একজন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের সামগ্রিক হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৩৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।
প্রতিদিন নতুন করে রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সিলেট বিভাগের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। শিশুদের আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে স্বাস্থ্য বিভাগের জন্য আরও বড় চ্যালেঞ্জে পরিণত করেছে।
আজকের সিলেট/ জেকেএস









