জৈন্তাপুর সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর নিজাম উদ্দিন (২০) নামে এক বাংলাদেশি যুবককে খাসিয়ারা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ১১টা ২৮ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী প্রকাশ গৌরীশঙ্কর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন সীমান্তের ১২৮৭ নম্বর পিলার অতিক্রম করে ভারতের হেওয়াই বস্তির পুরাতন ফিল্ড এলাকায় প্রবেশ করেন।
স্থানীয় সূত্রের দাবি, সেখানে খাসিয়া লোকজন তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে নিজাম উদ্দিনের চাচাতো ভাই রাসেল আহমদ ভারতের হেওয়াই বস্তির এক খাসিয়া তরুণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে চলে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।এরই জের ধরে নিজাম উদ্দিনকে আটক করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
তবে নিজাম উদ্দিনকে কেন, কারা এবং কী অবস্থায় আটক করে রেখেছে-এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একই সঙ্গে খাসিয়া তরুণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসা রাসেল আহমদ বর্তমানে কোথায় আছেন, সেটিও স্থানীয়দের কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত নিজাম উদ্দিনের অবস্থান নিশ্চিত করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিজিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








