বন্ধুত্বের নামে বাংলাদেশকে প্লাবনে ফেলা যাবে না; পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ PM

বন্ধুত্বের নামে বাংলাদেশকে প্লাবনে ফেলা যাবে না; পানিসম্পদ প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০২:৪৪:০৩ PM

বন্ধুত্বের নামে বাংলাদেশকে প্লাবনে ফেলা যাবে না; পানিসম্পদ প্রতিমন্ত্রী


হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই স্থানে দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দুপুরে তিনি ঘটনাস্থলে যান।

বাঁধের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখার পর প্রতিমন্ত্রী বলেন, খোয়াই নদের কালীগঞ্জ অংশে দ্বিতীয় দফা বাঁধ ভাঙনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। এ কারণে বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তারা অবস্থা যাচাই-বাছাই করছেন।

তিনি জানান, শুধু বাঁধ সংস্কার বা নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে কি না, নাকি ওই এলাকায় স্লুইসগেট স্থাপন করা প্রয়োজন তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যেন বাংলাদেশকে আকস্মিক বন্যার পরিস্থিতিতে পড়তে না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এ অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এদিকে পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি কাজের মান এবং অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর