নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ১৫৭; নিখোঁজ ৪০৩
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ AM

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ১৫৭; নিখোঁজ ৪০৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৯:৫৭:১০ AM

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ১৫৭; নিখোঁজ ৪০৩


নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন, যাদের বড় একটি অংশ বিদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় এসব দুর্যোগ আঘাত হানে। খবর এএফপির।

নেপাল পুলিশের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ১৫৭টি মরদেহের মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁয়ে সাতজন এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ রয়েছে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬ দেশের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৬১ জন নেপালি নাগরিকও নিখোঁজ রয়েছেন।

ট্যুর অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

দুর্যোগের প্রভাব পড়েছে দেশটির বিদ্যুৎ ব্যবস্থাতেও। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ক্ষতির কারণে সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি জানা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের একজন মুখপাত্র। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নেপাল সেনাবাহিনী উপদ্রুত এলাকাগুলোতে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলাকর্মী মোতায়েন করেছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে জানান, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে হয়। এর মাত্র তিন মিনিট পর, অর্থাৎ ৮টা ৪০ মিনিটে আকস্মিক বন্যা শুরু হয়। তবে এই তথ্য যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত। তিনি এ দুর্যোগকে ‘আকস্মিক’ ও ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করে বলেন, ঘটনায় তার হৃদয় ভারাক্রান্ত।

বালেন্দ্র শাহ আরও জানান, উদ্ধার কার্যক্রম শুরু করতে সরকার কোনো বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর