কানাডার মাটিতে নির্মিতব্য বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এতে তার সঙ্গে জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা অধরা খান।
নাম ঠিক না হওয়া সিনেমাটিতে জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান ও অধরা। তবে সিনেমাটির গল্প, পরিচালক ও অন্যান্য বিষয় এখনই প্রকাশ করতে চান না তারা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন।
অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। হলিউডের কাজের পাশাপাশি দেশীয় সিনেমায়ও যুক্ত হলেন তিনি।
২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
কানাডায় আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশের চলচ্চিত্রেও ব্যস্ত রয়েছেন অধরা। তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমাতেও কাজের প্রস্তুতি নিচ্ছেন।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








