নবীগঞ্জে মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে রয়েছে কৃষি জমি। মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখলেও কিছুতেই থামছে না অসাধু চক্রটি।
শুক্রবার (২২ মার্চ) নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে পূর্ব তিমিরপুর গ্রামের লিলু মিয়ার পুত্র মো: শাহজাহান নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ মিমো
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








