গত দুই আসরের মতো হলে বিপিএলে থাকবে না ঢাকা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫২ PM

গত দুই আসরের মতো হলে বিপিএলে থাকবে না ঢাকা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৯:২৯:৪২ AM

গত দুই আসরের মতো হলে বিপিএলে থাকবে না ঢাকা


বিপিএলকে আরও গোছানো ও মানসম্মত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, প্রয়োজন হলে কাঙ্ক্ষিত কাঠামো বাস্তবায়নের জন্য বিসিবিকে পর্যাপ্ত সময় দিতে তারা প্রস্তুত। তবে আগের দুই আসরের মতো তড়িঘড়ি ও অব্যবস্থাপনার মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হলে ঢাকার অংশগ্রহণ থাকবে না।

শনিবার (২৯ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষের প্রতিনিধিরা। বৈঠকে বিপিএলের ভবিষ্যৎ, আয়োজনের ধরন এবং টুর্নামেন্টকে নতুনভাবে সাজানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে সংবাদমাধ্যমকে দলটির অবস্থান জানান ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী (সিইও) আতিক ফাহাদ। তিনি বলেন, গত দুই আসরের মতো কোনো ধরনের জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হলে তাতে অংশ নেবে না ঢাকা।

আতিক ফাহাদের ভাষ্য, বিশৃঙ্খল ব্যবস্থাপনায় টুর্নামেন্ট আয়োজনের নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপরই পড়ে। আগের মতো এমন আয়োজনে অংশ নিলে সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হতে হয় দলগুলোকেই।

তবে এবার পরিস্থিতি ভিন্ন হওয়ার প্রত্যাশা করছে ঢাকা ক্যাপিটালস। আতিক ফাহাদ জানান, বিপিএলের জন্য একটি টেকসই মডেল তৈরির বিষয়ে বিসিবির নতুন সভাপতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আশ্বস্ত করেছেন। নতুন রূপরেখা চূড়ান্ত হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের প্রস্তুতি নেওয়া এবং প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য অন্তত চার থেকে পাঁচ মাস সময় দেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

বিসিবি সভাপতির এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে ঢাকা ক্যাপিটালস। দলটির সিইও বলেন, বিপিএলের মান উন্নয়নে তামিম ইকবাল যে নতুন কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছেন, সেটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি ধৈর্য ধরতেও তারা প্রস্তুত।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর