বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ PM

বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৪:৩৩:৪৯ PM

বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ


দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকরসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ করেছেন চা শ্রমিকেরা। রোববার দক্ষিণগুল চা-বাগানের শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা, ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহার এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দক্ষিণগুল চা-বাগানের প্রায় শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন। পরে তাঁরা আবার কাজে ফিরে যান।

কর্মসূচির শুরুতে ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক ঘুরে ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও পরে পথসভা অনুষ্ঠিত হয়।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালী এবং চা শ্রমিক সুমন ঘোষ ও নয়ন মৃদা।

পথসভায় শ্রমিকেরা তাঁদের জীবনযাপনের নানা সংকটের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের। গত দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই। এমনকি বাগানে চিকিৎসকও নেই। ফলে কেউ অসুস্থ হলে নিজেদের খরচে চিকিৎসা করাতে হচ্ছে।

বসতঘর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকেরা। তাঁদের ভাষ্য, অনেক শ্রমিকের ঘর সংস্কারের প্রয়োজন হলেও মালিকপক্ষ থেকে তা করে দেওয়া হয়নি। বাধ্য হয়ে নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে ঘর মেরামত করতে হচ্ছে। একই সঙ্গে বাগানের রাস্তাঘাটের বেহাল দশার কথাও তুলে ধরেন তাঁরা।

শ্রমিকেরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দৈনিক আয়ে পরিবারের খাবার, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় জাতীয় সংসদে উত্থাপিত দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি দ্রুত কার্যকর করার জন্য তাঁরা জোর দাবি জানান।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়েও কর্মসূচিতে অসন্তোষ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, শ্রম অধিদপ্তরের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ ছাড়া ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। পাশাপাশি চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর