সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে কসমেটিকস, চশমা, চা-পাতা, সুপারি ও শাড়ি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্র জানায়, শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে কোনো মালিক না থাকায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়।
এ সময় ২ হাজার ৮০৯ পিস নিভিয়া সফট ক্রিম, ৬ হাজার ৩৬১ পিস পন্ডস ফেসওয়াশ ও ১ হাজার ৭২৪ পিস চশমা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।
এর বাইরে ২৯ ও ৩০ আগস্ট সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক তিনটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৩ কেজি ভারতীয় চা-পাতা, ২০ কেজি ভারতীয় সুপারি এবং ২৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। উদ্ধার করা এসব পণ্যের সিজার মূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
দুই উপজেলার সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানগুলোর হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দ করা পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।
আজকের সিলেট/ জেকেএস
জৈন্তাপুর প্রতিনিধি 








